জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মুন্সীগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৫টায় ১১ দলীয় জোটের উদ্যোগে মুন্সীগঞ্জ পৌরসভার বাসস্ট্যান্ড মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমি সামনে এসে শেষ হয়। মিছিল পূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস বলেন, "জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। জনগণের প্রত্যাশা অনুযায়ী গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে।"

তিনি বলেন, দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিগত সরকারের কিছু দোসর পার্শ্ববর্তী দেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। তাদেরকে দেশে এনে বিচারের আওতায় আনতে হবে। বর্তমান সরকারের ভিতরের কিছু লোক জুলাই সনদকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করার জোর দাবী জানান তিনি।

বাংলাদেশ খেলাফত মজলিশের কেন্দ্রীয় নেতা নুর হোসাইন নুরানীর সভাপতিত্বে ও জামায়াতের জেলা সেক্রেটারী ফখরুদ্দিন রাজীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ জেলার নায়েবে আমীর মাওলানা মো: নুরুল হক পাটোয়ারী, এনসিপির জেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক গাজী আব্দুল আলিম, বাংলাদেশ খেলাফত মজলিশের সদর সেক্রেটারী মাওলানা সিদ্দিকুল্লা প্রমুখ।

সমাবেশে ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।