গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের লোহাগাছ গ্রামের দক্ষিণ পাড়া গিয়াসউদ্দিনের বাড়ি থেকে জামালের বাড়ি পর্যন্ত মাত্র ২৫০ ফুট রাস্তার অভাবে প্রায় ৫০ বছর ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন ৩৫টি পরিবারের সদস্যরা। দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধিদের কাছে রাস্তা নির্মাণের দাবি জানিয়ে এলেও বারবার আশ্বাস ছাড়া বাস্তবে কোনো উদ্যোগ না নেওয়ার অভিযোগ করেছেন স্থানীয়রা।
বর্তমানে শ্রীপুর পৌরসভার বিভিন্ন এলাকায় রাস্তা পাকা ও ইটের সলিং করা হলেও লোহাগাছ গ্রামের দক্ষিণ পাড়ার এই পথটি এখনো উন্নয়নের বাইরে রয়েছে। ফলে বিশেষ করে বর্ষা মৌসুমে কাদা ও পানির মধ্য দিয়ে চলাচল করতে হচ্ছে এলাকাবাসীকে। স্থানীয়দের অভিযোগ, শ্রীপুর পৌরসভা প্রতিষ্ঠার আগে ইউনিয়ন পরিষদ আমল থেকেই তারা রাস্তা নির্মাণের দাবি জানিয়ে আসছেন। প্রায় অর্ধশতাব্দী ধরে বিভিন্ন জনপ্রতিনিধির কাছে আবেদন করেও কোনো স্থায়ী সমাধান মেলেনি।
এ পথ দিয়ে প্রতিদিন শিক্ষার্থী, নারী, বৃদ্ধসহ সাধারণ মানুষ চলাচল করেন। কিন্তু রাস্তার বেহাল অবস্থার কারণে তাদের নিত্যদিন ভোগান্তির শিকার হতে হচ্ছে। এলাকার বাসিন্দা গিয়াস উদ্দিন বেপারী বলেন, “আমার বাড়ি রাস্তার পাশেই। প্রতিদিন মানুষের দুর্ভোগ নিজের চোখে দেখি। একটি ছোট রাস্তার অভাবে এতগুলো পরিবার কষ্টে রয়েছে। আমরা শুধু চলাচলের উপযোগী একটি রাস্তা চাই।”
স্থানীয় বাসিন্দা জামাল বলেন, “বহুবার কাউন্সিলর ও পৌর মেয়রের কাছে গিয়েছি।
প্রতিবারই রাস্তা নির্মাণের আশ্বাস দেওয়া হয়েছে। কিন্তু আজ পর্যন্ত সেই আশ্বাস বাস্তবায়ন হয়নি।” আরেক বাসিন্দা হামিদুল ইসলাম বলেন, “কেউ অসুস্থ হলে তাকে কোলে করে মূল সড়কে নিতে হয়। বর্ষাকালে জুতা হাতে নিয়ে চলতে হয়। মসজিদে যেতে কষ্ট হয়, সাপের ভয় থাকে। ছোট ছোট ছেলে-মেয়েদের মাদ্রাসায় যাতায়াতেও চরম সমস্যা হয়।”
স্থানীয়দের দাবি, দ্রুত ২৫০ ফুট রাস্তা ইটের সলিং করে চলাচলের উপযোগী করা হোক। তাদের মতে, অল্প দৈর্ঘ্যেরএই রাস্তার উন্নয়ন হলে ৩৫টি পরিবারের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে। এ বিষয়ে শ্রীপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী শাহেদ আকতার বলেন, “রাস্তার বিষয়টি আমার জানা নেই। এ বিষয়ে কেউ লিখিত আবেদন করলে পৌর প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”