রাজধানীর আদাবরে 'কব্জি কাটা' গ্রুপের ছিনতাইকারীদের আস্তানায় অভিযান চালাতে গিয়ে চাপাতির আঘাতে আদাবর থানার ওসি ও এক এসআই।
আজ ১৬ জুন ২০২৬ (মঙ্গলবার) দুপুরের দিকে আদাবরের তুরাগ হাউজিং এলাকার ডেল্টা গার্মেন্টসের পেছনে এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনাটি ঘটে।
মঙ্গলবার সকালে আদাবরের শেখেরটেক ৭ নম্বর রোডের একটি দোকানে ঢুকে ধারালো অস্ত্র ঠেকিয়ে এক বিকাশ এজেন্টের হাত কেটে প্রায় ৩ লাখ টাকা ও মোবাইল ছিনতাই করে পালিয়ে যায় ছিনতাইকারীরা।
এই ঘটনার পরপরই জড়িতদের ধরতে অভিযানে নামে পুলিশ। একপর্যায়ে দুপুরে আদাবরের ডেল্টা গার্মেন্টসের পেছনের একটি গোপন আস্তানায় ছিনতাইকারীদের অবস্থান শনাক্ত করা হয়।
পুলিশ দল আস্তানায় পৌঁছালে তাদের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। ছিনতাইকারীদের ধারালো চাপাতির আঘাতে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম ও উপপরিদর্শক (এসআই) তরুণগুরুতর আহত হন। তাদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
আত্মরক্ষার্থে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পাল্টা গুলি ছুড়লে 'আমির' নামের এক ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়।
অভিযান শেষে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ আমিরসহ মোট ৪ জন ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
পুলিশের তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুন এই অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।