বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ‘পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট’ প্রোগ্রামের কারিকুলাম চূড়ান্তকরণ বিষয়ক এক কর্মশালা মঙ্গলবার (২১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের অতিথি ভবনে অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় ভিসির পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউবির প্রো ভিসি অধ্যাপক ড. আনিসুর রহমান। তিনি বলেন, তথ্যপ্রযুক্তি নির্ভর বর্তমান বিশ্বে দক্ষ তথ্য ব্যবস্থাপনা ও আধুনিক লাইব্রেরি সেবার গুরুত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সময়োপযোগী ও আন্তর্জাতিক মানসম্পন্ন কারিকুলাম শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা, গবেষণা সক্ষমতা এবং কর্মক্ষেত্রে প্রতিযোগিতামূলক যোগ্যতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে বাস্তবমুখী ও যুগোপযোগী পাঠ্যক্রম প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন এবং এ উদ্যোগ বাউবিতে মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিত করতে সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অধ্যাপক ড. সাদিয়া আফরোজ সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য দেন অধ্যাপক ড. রাফসান মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হান।

রিসোর্স পারসন হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. সাইফুল আলম, অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম এবং অধ্যাপক ড. কাজী মোস্তাক গাউসুল হক প্রস্তাবিত কারিকুলামের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং আন্তর্জাতিক মানসম্পন্ন ও যুগোপযোগী পাঠ্যক্রম প্রণয়নে প্রয়োজনীয় সুপারিশ তুলে ধরেন।

কর্মশালায় বাউবির বিভিন্ন স্কুলের ডিন, শিক্ষক এবং সংশ্লিষ্ট বিভাগসমূহের প্রতিনিধিসহ ২০ জন অংশগ্রহণ করেন।