বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার নতুন কমিটি গঠন সম্পন্ন হয়েছে। এতে শাখা সভাপতি হিসেবে ইব্রাহীম হোসেন রনি অপরিবর্তিত রয়েছেন এবং নতুন সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন হাবিবউল্লাহ খালেদ।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে শাখা শিবিরের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এইসব জানানো হয়। শাখার সদস্যদের নিয়ে আয়োজিত এক সদস্য সমাবেশে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদের সঞ্চালনায় উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা ।
সমাবেশে প্রধান অতিথি ২০২৬ সেশনের বাকি মেয়াদের জন্য ইব্রাহীম হোসেন রনিকে শাখার সভাপতি হিসেবে বহাল রাখার ঘোষণা দেন। পরবর্তীতে নতুন সেক্রেটারি মনোনয়নের লক্ষ্যে উপস্থিত সদস্যদের কাছ থেকে পরামর্শ আহ্বান করা হয়।
সদস্যদের প্রাপ্ত পরামর্শ ও মতামতের ভিত্তিতে শাখা সভাপতি ইব্রাহীম হোসেন রনি আগামী সময়ের জন্য হাবিবউল্লাহ খালেদকে শাখার সেক্রেটারি হিসেবে মনোনীত করেন। হাবিবউল্লাহ খালেদ ইতিপূর্বে বিশ্ববিদ্যালয় শাখার অফিস সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
নতুন ঘোষিত এই কমিটিকে স্বাগত জানিয়ে এবং সংগঠনের ভবিষ্যৎ সাফল্য ও কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সদস্য সমাবেশের সমাপ্তি ঘটে।