কূটনৈতিক রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মধ্যদিয়ে বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেন, এ সফরে দুই দেশ ‘অভিন্ন ভবিষ্যতের বাংলাদেশ-চীন সম্প্রদায়’ গঠনে সম্মত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে তিস্তা নদী ব্যবস্থাপনা প্রকল্প নিয়ে প্রথমবারের মতো দুই দেশের বিশেষজ্ঞরা মিলে একটি কারিগরি সমীক্ষা করার বিষয়ে আলোচনা হয়েছে। চীন এই প্রকল্পে যথাসাধ্য সহায়তা করার আশ্বাস দিয়েছে।
গতকাল শনিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, এবারের সফরের মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ক আগের যে কোনো সময়ের তুলনায় আরও ঘনিষ্ঠ ও সর্বোচ্চ বন্ধুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। মালয়েশিয়া ও চীনে প্রধানমন্ত্রীর অবস্থানকালীন বিভিন্ন ছবি ও ভিডিওতে বাংলাদেশের গুরুত্ব প্রতিফলিত হয়েছে, যা কুয়ালালামপুর ও বেইজিংয়ের সঙ্গে ঢাকার সম্পর্ককে আরও জোরদার করেছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, এবারের চীন সফর আগের সফরগুলোর চেয়ে গুণগতভাবে আলাদা। কেননা প্রধানমন্ত্রী তারেক রহমান দুই-তৃতীয়াংশ জনসমর্থন নিয়ে গঠিত সরকারের পক্ষ থেকে এই সফর করেছেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ছাড়াও দেশটির অর্থমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি আরও বলেন, দুই দেশের সম্পর্ককে ‘সামগ্রিক কৌশলগত অংশীদারিত্ব’ থেকে আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। বিশেষ করে বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে চীনের বিনিয়োগ ও বাণিজ্যের প্রসার নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, সফরে চীন-মিয়ানমার ইকোনমিক করিডোরের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে কানেক্টিভিটি বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে কুনমিং থেকে মিয়ানমারের বন্দরগুলোর মাধ্যমে বাংলাদেশের চট্টগ্রাম ও মোংলা বন্দরের সঙ্গে সংযোগ স্থাপন করা গেলে পণ্য পরিবহন খরচ ও সময় অনেক কমে আসবে, যা বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধি করবে।
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে চীন অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালনের প্রতিশ্রুতি দিয়েছে। তারা বাংলাদেশ ও মিয়ানমার- উভয় পক্ষের সঙ্গেই আলোচনা করে দ্রুত এই সংকটের সমাধানের চেষ্টা করবে। মন্ত্রী জানান যে, মিয়ানমার সরকার ও আরকান আর্মির সঙ্গেও তাদের যোগাযোগ রয়েছে। তিনি আশাবাদী যে বর্তমান সরকারের অধীনেই এই সমস্যার সমাধান হবে।
মন্ত্রী উল্লেখ করেন, চীন সব সময় বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে নিয়মিত আলোচনার জন্য একটি মেকানিজম তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা আগে পররাষ্ট্র সচিব পর্যায়ে ছিল। তিনি এই সফরকে অত্যন্ত সফল হিসেবে দাবি করেন এবং জানান যে চীনের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব এখন আরও গভীর, বিস্তৃত ও উচ্চতর পর্যায়ে পৌঁছেছে। উল্লেখ্য, গত ২১-২৬ জুন মালয়েশিয়া ও চীন সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, রাজনৈতিক পর্যায়ে সহযোগিতা জোরদারে দুই পক্ষ দলীয় পর্যায়ে একটি সমঝোতা স্মারকে (এমওইউ) সই করেছে, যা আনুষ্ঠানিক অংশীদারত্ব গড়ে তুলতে সহায়ক হবে। তিনি বলেন, বাংলাদেশ ও চীন সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনা, পানিসম্পদ পরিকল্পনা, জলবিদ্যাগত পূর্বাভাস, বন্যা প্রতিরোধ ও দুর্যোগ ঝুঁকি হ্রাস, নদী খনন এবং সংশ্লিষ্ট প্রযুক্তি বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করতে সম্মত হয়েছে। মালয়েশিয়া ও চীন সফর শেষে গত শুক্রবার রাতে দেশে ফেরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্যদিয়ে দুই দেশে তার ছয় দিনের প্রথম রাষ্ট্রীয় সফর শেষ হয়।