সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকো-র একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৪ আরোহীর সবাই নিহত হয়েছেন। আজ রোববার (২৮ জুন, ২০২৬) স্থানীয় সময় সকাল প্রায় ৬টার দিকে দেশটির পূর্বাঞ্চলীয় উপকূলীয় শহর রাস তানুরায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে.

সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, রোববার (২৮ জুন) রাস তানুরায় হেলিকপ্টারটি দুর্ঘটনায় পতিত হয়। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

হরমুজ প্রণালীর পশ্চিমে অবস্থিত এই রাস তানুরা এলাকাটি আরামকোর গুরুত্বপূর্ণ তেল টার্মিনালের জন্য পরিচিত। মাত্র তিন দিন আগে, প্রায় চার মাস বন্ধ থাকার পর শুক্রবার থেকে এই টার্মিনাল থেকে আবার অপরিশোধিত তেল রফতানি শুরু হয়েছিল।

সৌদি জ্বালানি মন্ত্রণালয় এক বিবৃতিতে দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে। তবে দুর্ঘটনার বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি।

সূত্র: আল জাজিরা