দেশের অন্যতম শীর্ষ কৃষি বিজ্ঞানী ড. মো. মঞ্জুরুল কাদির বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) নতুন মহাপরিচালক (রুটিন দায়িত্ব) হিসেবে নিয়োগ পেয়েছেন। কৃষি মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়। এর আগে তিনি বারির পরিচালক (তৈলবীজ গবেষণা কেন্দ্র) হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
ড. মঞ্জুরুল কাদির ১৯৯২ সালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে গবেষণা, উদ্ভাবন ও প্রশাসনিক দক্ষতার মাধ্যমে তিনি উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা এবং সর্বশেষ পরিচালক (তৈলবীজ গবেষণা কেন্দ্র) পদে দায়িত্ব পালন করেন।
তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ২০০৯ সালে অয়েলসিড ব্রিডিং (রেপসিড ও গ্রাউন্ডনাট) বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তেলবীজ ফসলের উন্নত জাত উদ্ভাবন, উৎপাদন প্রযুক্তি এবং কৃষি গবেষণায় তাঁর উল্লেখযোগ্য অবদান রয়েছে।
গবেষণা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিনি যুক্তরাষ্ট্র, ভারত, নেদারল্যান্ডস, স্পেন, থাইল্যান্ড, কেনিয়া এবং ভিয়েতনামসহ বিশ্বের বিভিন্ন দেশে প্রশিক্ষণ, সেমিনার, সিম্পোজিয়াম ও আন্তর্জাতিক কর্মশালায় অংশগ্রহণ করেছেন। দেশি-বিদেশি স্বনামধন্য বৈজ্ঞানিক জার্নালে তাঁর অসংখ্য গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে, যা কৃষি গবেষণা অঙ্গনে বিশেষভাবে সমাদৃত।
১৯৬৮ সালে জামালপুর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণকারী ড. মঞ্জুরুল কাদির ব্যক্তিগত জীবনে দুই সন্তানের জনক।
কৃষি গবেষণায় তাঁর দীর্ঘ অভিজ্ঞতা, প্রশাসনিক দক্ষতা এবং নেতৃত্বের মাধ্যমে বারির গবেষণা কার্যক্রম আরও গতিশীল হবে এবং নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে দেশের কৃষি উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করেছে।