উৎসবমুখর পরিবেশে ও তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে সম্পন্ন হলো ন্যাশনাল মার্শাল আর্ট ক্লাব কাপ প্রতিযোগিতা-২০২৬। গত ২৪ থেকে ২৬ জুলাই অনুষ্ঠিত এ প্রতিযোগিতার সাম্বো ও কুরাশ ডিসিপ্লিনে একক আধিপত্য বজায় রেখে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ পুলিশ ক্লাব। অন্যদিকে নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলার যৌথ সমন্বয়ে গড়া টিম রানার্স-আপ শিরোপা নিজেদের করে নিয়েছে।

প্রতিযোগিতায় বাংলাদেশ পুলিশ ক্লাবের সাধারণ সম্পাদকের নির্দেশনায়, দক্ষ প্রশিক্ষক মোহাম্মদ মাহামুদুল কবির এবং ক্যাম্প ইনচার্জ মোহাম্মদ মহসিন আহমেদের দক্ষ পরিচালনায় বাংলাদেশ পুলিশ কুস্তি, বক্সিং, শরীরগঠন, ভারোত্তোলন ও সাম্বো-কুরাশ ক্লাবের দলটি অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে। টুর্নামেন্টে মোট ১৩টি স্বর্ণ, ১টি রৌপ্য এবং ৩টি ব্রোঞ্জপদক জয় করে শীর্ষস্থান ছিনিয়ে নেয় পুলিশ দল।

অন্যদিকে সেনসি আশরাফুল ইসলামের নেতৃত্বে নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলার খেলোয়াড়দের সমন্বয়ে গঠিত ‘বাংলাদেশ সেলফ ডিফেন্স স্পোর্টস কারাতে একাডেমি’ ৯টি স্বর্ণ, ৯টি রৌপ্য ও ১২টি ব্রোঞ্জপদক অর্জন করে রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করে।

প্রতিযোগিতা শেষে এক জাকজমকপূর্ণ সমাপনী আয়োজনে বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ ট্রফি আনুষ্ঠানিকভাবে তুলে দেন বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের সভাপতি এয়ার ভাইস মার্শাল (অব.) মোঃ বদরুল আমিন এবং ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ গোলাম সাব্বির মাসুম। বিশেষ অতিথিবৃন্দ বিজয়ী খেলোয়াড়, প্রশিক্ষক ও কর্মকর্তাদের প্রতি আন্তরিক অভিনন্দন জানান এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম ছড়িয়ে দিতে কঠোর অনুশীলনের আহ্বান জানান।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ী খেলোয়াড়দের পদক পরিয়ে দেন কিংবদন্তি মার্শাল আর্ট খেলোয়াড় ও সফল প্রশিক্ষক শিহান নাজমুল মোরশেদ। এ সময় তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনের জন্য সাম্বো ও কুরাশের কারিগরি দক্ষতা, কঠোর শৃঙ্খলা, আত্মবিশ্বাস ও অধ্যবসায়ের কোনো বিকল্প নেই।” তিনি আরও আশা প্রকাশ করেন যে, এশিয়ান ইনডোর মার্শাল আর্টস এবং অলিম্পিক পর্যায়ের গেমসে সাম্বো ও কুরাশে বাংলাদেশ অত্যন্ত শক্তিশালী অবস্থান তৈরি করতে সক্ষম হবে।

এমন গৌরবোজ্জ্বল অর্জনে উচ্ছ্বসিত পুরো সাম্বো-কুরাশ পরিবার। সংশ্লিষ্ট সকল কর্মকর্তা, সংগঠক ও শুভানুধ্যায়ীরা বিজয়ী খেলোয়াড় ও কোচদের অভিনন্দন জানিয়েছেন। তাঁদের প্রত্যাশা, বিশ্ব ক্রীড়ামঞ্চে লাল-সবুজের পতাকাকে আরও উঁচুতে তুলে ধরবে দেশের এই উদীয়মান মার্শাল আর্ট অ্যাথলেটরা।এর আগে তিনদিনব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) মোহাম্মদ আমিনুল এহসান। আরও উপস্থিত ছিলেন,বাংলাদেশ স্যাম্বো ও কোরাশ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হুমায়ন কবির,সহ সভাপতি,মোস্তাক আহমেদ যুগ্ন সাধারণ সম্পাদক একেএম কামরুজ্জামান সহ অন্যান্যরা।