স্পেনের তারকা উইঙ্গার লামিন ইয়ামাল (Lamine Yamal) আর্জেন্টিনার বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ফাইনাল ম্যাচে খেলার জন্য পুরোপুরি ফিট রয়েছেন। সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারানোর পর ইয়ামালের পায়ে চোটের শঙ্কা দেখা দিয়েছিল, তবে সেটি এখন কেটে গেছে।

বৃহস্পতিবার নিউ জার্সিতে স্পেনের মূল দলীয় অনুশীলনে ইয়ামাল অংশ না নেওয়ায় ফুটবল বিশ্বে তীব্র উদ্বেগের সৃষ্টি হয়। তবে ইতালীয় সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ফিট থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ইয়ামালের বাঁ উরুতে ব্যান্ডেজ দেখা যাওয়ায় এবং তিনি দলীয় অনুশীলনে অনুপস্থিত থাকায় উদ্বেগ তৈরি হয়েছিল। তার উরুতে কিছুটা অস্বস্তি ছিল বলে জানা যায়। তবে চোট গুরুতর না হওয়ায় তাকে ফাইনালের শুরুর একাদশেই দেখা যাবে বলে জানানো হয়েছে।

আগামী ২০ জুলাই নিউইয়র্কে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ও স্পেন মুখোমুখি হবে। চলতি বিশ্বকাপে স্পেনের আক্রমণভাগের অন্যতম প্রধান খেলোয়াড় হিসেবে বিবেচিত হচ্ছেন ইয়ামাল। গতি এবং ড্রিবলিং দক্ষতার কারণে তিনি দলের গুরুত্বপূর্ণ অংশ।